নওগাঁর আত্রাইয়ে নবনির্মিত 'পরিদর্শন কক্ষ' এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় আত্রাই উপজেলা কার্যালয় প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত এ কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা কার্যালয়ে আগত দর্শনার্থী, সেবাগ্রহীতা ও বিভিন্ন পর্যায়ের পরিদর্শনকারী কর্মকর্তাদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পরিদর্শন কক্ষটি নির্মাণ করা হয়েছে। এর ফলে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের জন্য একটি নির্ধারিত ও সুবিধাজনক স্থান তৈরি হলো।
পরিদর্শন কক্ষটি পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এ কক্ষে আগত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সেবাগ্রহীতা ও অন্যান্য দর্শনার্থীদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও জনবান্ধব ও গতিশীল করতে হবে। উপজেলা পর্যায়ে বিভিন্ন কাজে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সরকারি কার্যালয়ে আসেন। তাদের বসার ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার জন্য একটি নির্দিষ্ট স্থান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এই পরিদর্শন কক্ষ শুধু একটি অবকাঠামো নয়, এটি প্রশাসনিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও সমন্বিত করতে সহায়ক হবে। আত্রাই উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম প্রমুখ।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত পরিদর্শন কক্ষটি ঘুরে দেখেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশা করা হয়, নবনির্মিত এ কক্ষটি প্রশাসনিক পরিদর্শন, মতবিনিময় ও সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রয়োজনীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।