সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে গঠিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হুমায়ুন কবির বলেন, “আমাদের প্রধানমন্ত্রীকে অনেক বিশ্বনেতা বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন অংশগ্রহণের জন্য। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আমরা আগ্রহ প্রকাশ করেছি। বাংলাদেশ এটিকে স্বীকৃতি দেয় এবং এ বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে। বিষয়টিকে ঢাকা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে।”
তিনি বলেন, “মক্কা নিয়ে তো সবসময়ই একটা আলাদা জায়গা রয়েছে। মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে। মধ্যপ্রাচ্য বা ইসলামিক দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা জোট গঠিত হয়, তবে সেখানে বাংলাদেশের যাওয়াটা মোটেও অস্বাভাবিক নয়।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত এই প্রতিমন্ত্রী বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বহুমাত্রিক করতে বর্তমান সরকার কাজ করে যাবে।
দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমালোচনার জবাব
ব্রিফিংয়ে নিজের দ্বৈত বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে চলা বিভিন্ন সমালোচনারও জবাব দেন হুমায়ুন কবির।
এ বিষয়ে তিনি বলেন, “আমি একজন গর্বিত বাংলাদেশি নাগরিক। এ নিয়ে যেসব গণমাধ্যম বা মহল সমালোচনা বা অপপ্রচার চালাচ্ছে, তারা প্রকৃতপক্ষে দেশের ভালো চায় না।”