আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৪:৪৩:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৪:৪৩:২০ অপরাহ্ন
১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীতে ১৯৯২ সালে আরএমপি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। সময়ের বিবর্তনে পরিবর্তিত হওয়া সেই ঐতিহাসিক স্মারক ফলক পুনঃস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে পুনঃস্থাপিত ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরএমপির গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ঐতিহাসিক স্মারকটি পুনঃস্থাপন করা হয়েছে। তিনি বলেন, রাজশাহী মহানগরী থেকে জুয়া, ভূমিদস্যু ও মাদক চোরাকারবারীদের কঠোর হাতে নির্মূল করতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহীকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধীদের দমনে পুলিশকে কোনো ধরনের রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে না।

বিগত ১৭ বছরে স্বৈরাচারী সরকারের আমলে সীমান্তবর্তী এলাকা থেকে শত শত কোটি টাকার মাদক ও অবৈধ চোরাচালান দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর অপচেষ্টা চালানো হয়েছে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, এ চক্র জাতির শত্রু। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আরএমপিকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আরএমপি ও প্রশাসনের কর্মকর্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে রাজশাহীর শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]