এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৮:৪৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৮:৪৩:০৯ অপরাহ্ন
নারীকেন্দ্রিক কাহিনি, গল্পভিত্তিক ছবি, থ্রিলারের ভিড়ে বলিপাড়ায় আর তেমন ‘জুটি’ লক্ষ করা যাচ্ছে না। যদিও শাহরুখ খান-কাজলের পরে শাহরুখ এবং দীপিকা পাড়ুকোনের জুটিও বেশ আলোচিত হয়েছে। শোনা যাচ্ছে, এ বার আরও এক নতুন জুটি পেতে চলেছে দর্শক। এ বার নাকি সইফ আলি খানের বিপরীতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে।

গত কয়েক বছরে সইফের বেশ কিছু ছবি ঘিরে আলোচনা হয়েছে। অন্য দিকে, মা হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই পর্দায় ফিরতে প্রস্তুত কিয়ারা। সদ্য তাঁর ‘টক্সিক’ ছবির বিভিন্ন দৃশ্যকে কেন্দ্র করেও আলোচনা চলছে। শোনা যাচ্ছে, তাঁদের একসঙ্গে দেখা যেতে পারে কণিকা ঢিলোঁর প্রথম পরিচালিত ছবিতে। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘এক্সেল এন্টারটেনমেন্ট’। চিত্রনাট্যের কাজ এখনও চলছে। নির্মাতাদের লক্ষ্য, চলতি বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু করা।

ছবিটি নিছক প্রেমের গল্প নয়। সূত্রের খবর, এটি একটি টানটান থ্রিলার, যার কাহিনিতে থাকবে অতিপ্রাকৃত উপাদানও। সইফ এবং কিয়ারাকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করছেন কণিকা ও তাঁর টিম। ফলে পর্দায় তাঁদের জুটির রসায়ন কেমন হয়, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

লেখক হিসেবে কণিকার পরিচিতি অবশ্য নতুন নয়। ‘মনমর্জিয়াঁ’, ‘কেদারনাথ’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘হাসিন দিলরুবা’, ‘রশ্মি রকেট’, ‘রক্ষা বন্ধন’ এবং ‘ডাঙ্কি’র মতো ছবির সঙ্গে তাঁর নাম জড়িয়ে রয়েছে। বিশেষ করে থ্রিলার ঘরানায় তাঁর আগ্রহ স্পষ্ট হয়েছে ‘হাসিন দিলরুবা’ এবং তার পরের ছবি ‘ফির আই হাসিন দিলরুবা’র মাধ্যমে।

লেখালিখির পাশাপাশি প্রযোজনাতেও পা রেখেছেন কণিকা। তাঁর প্রযোজনা সংস্থা ‘কথা় পিকচার্স’-এর ছবি ‘দো পাত্তি’ নিয়েও যথেষ্ট আলোচনা হয়েছিল। এ বার ক্যামেরার পিছনে আরও বড় দায়িত্ব তাঁর কাঁধে।

তবে সইফ-কিয়ারার ছবির গল্প এখনও গোপন রাখা হচ্ছে। অতিপ্রাকৃত অংশটি ঠিক কী ভাবে কাহিনির সঙ্গে মিশবে, সে বিষয়ে নির্মাতারা কোনও তথ্য প্রকাশ করেননি। চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজ শেষ হলেই ছবির অন্যান্য খুঁটিনাটি সামনে আসবে বলে খবর।

সইফের অভিনয়ের অভিজ্ঞতা আর কিয়ারার জনপ্রিয়তাকে একসঙ্গে কাজে লাগিয়ে কণিকা ঠিক কী ধরনের ছবি বানাতে চলেছেন? সেটাই দেখার অপেক্ষায় দর্শক।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]