চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৮:১৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৮:১৮:০৭ অপরাহ্ন
রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৬২ বোতল ভারতীয় জেডি মদ এবং ৭৫ বোতল ভারতীয় ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড ও কোডিন ফসফেটযুক্ত Eskuf Syrup জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে চারঘাট বিওপির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারঘাট থানার মুক্তারপুর গ্রামের পার্শ্ববর্তী পদ্মা নদীর পাড়ে অভিযান চালায়। সেখানে কাউকে পাওয়া না গেলেও তল্লাশি চালিয়ে নদীর পাড়ের জঙ্গলের মধ্যে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে ৬২ বোতল ভারতীয় জেডি মদ পাওয়া যায়। এগুলোর কোনো মালিক পাওয়া যায়নি।

এরপর একই রাতে আনুমানিক সোয়া ১টার দিকে ইউসুফপুর বিওপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার কান্দিপাড়া খেজুর বাগান এলাকায় অবস্থান নেয়। বিজিবি সদস্যরা জানতে পারে, ওই পথ দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ সময় টহল দল খেজুর বাগানে ফাঁদ পেতে অবস্থান নেয়।

একপর্যায়ে বিজিবি সদস্যরা দূরে লোকজনের চলাচলের শব্দ শুনতে পেয়ে কৌশলে এগিয়ে গেলে মাদক কারবারিরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আমবাগানের মধ্যে একটি পরিত্যক্ত বস্তা পাওয়া যায়। বস্তাটি খুলে ৭৫ বোতল ভারতীয় ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড ও কোডিন ফসফেটযুক্ত Eskuf Syrup জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]