বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক কিউএস র্যাংকিংয়ে কাঙ্ক্ষিত অবস্থানে আসতে না পারার অন্যতম কারণ শিক্ষার্থীদের ঝরে পড়া, শিক্ষা পরিবেশ ও নিরাপত্তা—এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৭ আগস্ট) অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘বাংলাদেশ ফোরাম-২০২৬’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমার দেশের ইউনিভার্সিটি কেন কিউএস র্যাংকিংয়ে সামনে আসছে না”—এ প্রশ্ন তার মনে এসেছে। আন্তর্জাতিক রেটিংয়ে বাংলাদেশ সমস্যায় পড়ছে শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণেও।
বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীরা পড়তে না আসার কারণ হিসেবে শিক্ষা পরিবেশ ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের আকৃষ্ট করতে পারছে না। অন্যদিকে বাংলাদেশি শিক্ষার্থীরা বিদেশে গিয়ে ভালো ফলাফল করছে বলেও উল্লেখ করেন তিনি।
এহছানুল হক মিলন বলেন, “আমাদের কিউএস রেটিং প্রয়োজন। তাহলে আমরা স্ট্যান্ডার্ডাইজড হবো।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেন পিএইচডি প্রোগ্রাম এলাও করা হয় না? প্রবলেমটা কোথায়? ১৯৯২ সালে শুরু হয়েছে, এখন ২০২৬।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশে ক্রস-বর্ডার শিক্ষার পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সুযোগ বাড়ানো প্রয়োজন। শিক্ষকের সংকটও তিনি দেখছেন না উল্লেখ করে বলেন, দেশে হাজারো গবেষক রয়েছেন, যারা ‘মেড ইন বাংলাদেশ’।
আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “প্লিজ, সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়তে হবে।”