সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ১১:৪৭:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ১১:৪৭:৩৫ অপরাহ্ন
রাজশাহীর মতিহার থানার বিনোদপুর আমজাদের মোড় এলাকায় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত যুবকের বিরুদ্ধে। আহত ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম মোঃ জিহাদ (২২)। তিনি রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার পাটিতপাড়া এলাকায়। বর্তমানে তিনি বিনোদপুর আমজাদের মোড় এলাকার জালাল উদ্দিনের একটি মেসে থাকেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রোববার আমজাদের মোড় এলাকায় কয়েকজন বহিরাগত যুবক সাইকেল চুরির সন্দেহে জিহাদকে তুলে নিয়ে যান। পরে তাঁকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস। তিনি জানান, রোববার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে জিহাদ নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে জিহাদকে কারা, কী কারণে এবং ঠিক কোথা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগেরও কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]