আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১১:১২:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ১১:১২:৫৮ অপরাহ্ন
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় সভাপতিত্ব করেন আইএইচটি রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোঃ মেজবা-উল-হাসান খান। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী শিক্ষানগরী ও পরিচ্ছন্ন নগরী হিসেবে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। এ অর্জন ধরে রাখতে এবং রাজশাহীকে আরও আধুনিক, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতাসহ বিভিন্ন উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।

নগর উন্নয়ন প্রসঙ্গে প্রশাসক বলেন, রাজশাহীর ক্রীড়া অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠের সুযোগ সৃষ্টি এবং তরুণদের কর্মসংস্থান তৈরিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করছে এবং জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারের কার্যক্রম চলমান রয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলে নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে হবে। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা সবার দায়িত্ব।

সভায় আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, আইএইচটির শিক্ষক রাশিদুল হাসান রাসেল, প্রভাষক মিজানুর রহমান মিলন, শিক্ষক মিনহাজুল ইসলাম, ফার্মাসিস্ট সাইদুর রহমান এবং আইএইচটি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাবেক ছাত্র ও শিক্ষক আব্দুর রফ চৌধুরী টিপু।

এ সময় শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আইএইচটির সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভা শেষে আইএইচটি রাজশাহীর ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি উদযাপন কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মেজবা-উল-হাসান খানকে আহ্বায়ক, মাহফুজুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মামুন অর রশিদকে সদস্য সচিব এবং ওয়াসিম কুমার ঘোষকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

সভায় জানানো হয়, নবগঠিত কমিটি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]