ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৭:০১:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৭:০১:১৬ অপরাহ্ন
ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানের নাগরিকরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে মাত্র ৭ শতাংশ পাকিস্তানি ভারতকে ইতিবাচকভাবে দেখেন।

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে বিশ্বের ৩৬টি দেশের মানুষের ভারত সম্পর্কে মনোভাব উঠে এসেছে। জরিপে ভারত-পাকিস্তানের পারস্পরিক বৈরিতার বিষয়টিও উঠে আসে। এতে দেখা যায়, পাকিস্তানিরা ভারতকে সবচেয়ে বড় শত্রু হিসেবে মনে করেন। একইভাবে ভারতীয়দের কাছেও পাকিস্তান সবচেয়ে বড় শত্রু।

গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়।

জরিপ অনুযায়ী, বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাবও আগের তুলনায় কমেছে। ২০২৪ সালে বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করতেন। বর্তমানে এই হার কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে ভারতে প্রতি ইতিবাচক মনোভাব ১৫ শতাংশীয় পয়েন্ট কমেছে।

ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় ভারতের প্রতি সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব দেখা গেছে। দেশটির ৭৯ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন, বিপরীতে ১১ শতাংশের মনোভাব নেতিবাচক।

মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিদের মধ্যেও ভারতের প্রতি নেতিবাচক মনোভাব বেশি। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ১৮ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন, আর ৫৬ শতাংশের মনোভাব নেতিবাচক। ২৫ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

অন্যদিকে ইসরায়েলে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব তুলনামূলক বেশি। দেশটির ৬০ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন, আর ২৯ শতাংশ অপছন্দ করেন।

ভারতের প্রতি ইতিবাচক মনোভাবের দিক থেকে শ্রীলঙ্কার পাশাপাশি কেনিয়া ও যুক্তরাজ্যও এগিয়ে রয়েছে। এসব দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন। জার্মানি, ইতালি, সুইডেন, জাপান ও থাইল্যান্ডেও ভারতের প্রতি তুলনামূলক ইতিবাচক মনোভাব পাওয়া গেছে।

তবে কিছু দেশে ভারতের প্রতি নেতিবাচক মনোভাব বেড়েছে। তুরস্ক ও নাইজেরিয়ায় ভারতকে অপছন্দ করার হার আগের তুলনায় প্রায় ১০ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। একই ধরনের প্রবণতা দেখা গেছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোতেও। সূত্র: পিউ রিসার্চ সেন্টার

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]