কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৪৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৪৯:৪৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫০ লাখ ২১ হাজার টাকার বেশি মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

শুক্রবার (১৪ আগস্ট) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

জব্দ করা চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি চাল, ফুসকা, বাজি, শিং মাছ, গরু, জনসন বেবি লোশন, ইয়াবা, মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য।

এদিকে কসবা সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নয়নপুর বাজার থেকে খাদলা বিওপির অভিমুখী সড়কের মাঝামাঝি এলাকায় মো. হাবিবুর রহমানের একটি গোডাউনে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। কসবার সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবিরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভারতীয় বাসমতি চাল ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্র জানায়, সব মিলিয়ে জব্দ করা চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৫০ লাখ ২১ হাজার টাকার অধিক।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]