বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, নিহত দুই বোন

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৪১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৪১:৫১ অপরাহ্ন

যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আপন দুই বোন রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

স্থানীয় মাহবুর রহমান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায় তিন শিশু। পরে দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে সন্ধান শুরু করেন। একপর্যায়ে তাদের দাদি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে পুকুরে নেমে সিঁড়ির নিচে তিন শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান।

পরে দ্রুত তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার সময় তাদের কারও হার্টবিট ছিল না। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

স্থানীয়রা জানান, পুকুরটিতে সাধারণত লোকজনের যাতায়াত কম। যারা গোসল করতে যান, তারা গোসল শেষ করে দ্রুত চলে আসেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]