মাদক কারবারির সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৩৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৩৯:২১ অপরাহ্ন

মাদক কারবারির সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আ. হাই চৌধুরী। তিনি জানান, অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান গত ১২ আগস্ট পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। চূড়ান্ত তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসাইন (বিপি নং-৮৮০৭১২২৩৪৪), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ (বিপি নং-৮৪০৩১১১৪৯১), কনস্টেবল শরিফ উদ্দিন (বিপি নং-৯৬১৫১৭৮৭৩৭), গাড়িচালক নজরুল ইসলাম (বিপি নং-৮২০১০৮৮৪১৮) এবং কনস্টেবল ইসতিয়াক (বিপি নং-৯৪১৪১৬৯৪৪৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার আয়নাতলী এলাকায় স্থানীয়দের হাতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি আটক হন। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।

আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথোপকথন, হোয়াটসঅ্যাপ চ্যাট, ভয়েস ক্লিপ এবং অর্থ লেনদেনসংক্রান্ত তথ্য পাওয়ার দাবি করেন স্থানীয়রা। পরে বিষয়টি গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্ত চলাকালে এএসআই শহীদ উল্লাহকে ৩ আগস্ট এবং কনস্টেবল শরিফ উদ্দিনকে ৫ আগস্ট কুমিল্লায় বদলি করা হয়। পরবর্তীতে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে চূড়ান্ত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]