চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সিএনজি অটোরিকশাযোগে কয়েকজন মাদক কারবারি ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে র্যাব-৭-এর একটি অভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানার চক্রশালা জুলুর দিঘীর পাড় এলাকায় এস এম কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
এ সময় সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর একপর্যায়ে একটি সবুজ রঙের নম্বরবিহীন সিএনজি অটোরিকশা চেকপোস্টে আসে। তল্লাশিকালে অটোরিকশার পেছনের যাত্রী আসনে থাকা মো. জাফর আলম (৩৫) ও মো. ইসমাইল (২৬)কে আটক করা হয়।
র্যাবের দাবি, আটক জাফর আলমের দুই পায়ে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে পেঁচানো দুটি বান্ডেল থেকে মোট ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক জাফর আলম কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং ইসমাইল কক্সবাজারের উখিয়া উপজেলার চাকবৈঠা এলাকার বাসিন্দা।
র্যাব-৭ আরও জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।
আটক দুই আসামি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।