হজের পর জীবনে বড় পরিবর্তন, অভিনয় থেকে দূরে হাসান মাসুদ

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:০১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৭:০১:০৭ অপরাহ্ন

হজ পালনের পর নিজের জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। দীর্ঘদিন ধরে নিয়মিত অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেতা জানিয়েছেন, এখন আর নিয়মিত অভিনয় করেন না। কেবল বিজ্ঞাপনের কাজ পেলে তাতেই যুক্ত হন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন, ধর্মীয় ভাবনা এবং অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কারণ নিয়ে কথা বলেন হাসান মাসুদ।

হাসান মাসুদ বলেন, ‘আমি নিজেকে আসলে একটু গুটিয়ে নিয়েছি। আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। সেই কারণেই এখন শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ পেলে করি, না হলে করি না। একটু ভাববাদী হয়ে গিয়েছি। মানে ধার্মিক হয়ে গিয়েছি।’

নিজের ধর্মীয় জীবনের পরিবর্তন প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি হজ পালন করেছেন। এ কারণে মক্কা ও মদিনায় ৪১ দিন অবস্থান করেন তিনি। তবে তার জীবনে এই পরিবর্তন হজ পালনেরও আগে থেকে শুরু হয়েছিল বলে জানান এই অভিনেতা।

তিনি বলেন, ‘আমি এবার হজ করেছি। যে কারণে ৪১ দিন ছিলাম ওখানে, মক্কা-মদিনায়। তবে আসলে আমার পরিবর্তনটা এসেছে আরও আগে থেকে। এখন পুরোপুরিই আমি পরিবর্তিত, সেটা বলতে পারেন।’

১২০০ বই বিক্রি করে দিয়েছেন

একসময় নিয়মিত ও প্রচুর বই পড়লেও এখন আর বই পড়েন না হাসান মাসুদ। অতিরিক্ত বই পড়ার কারণে একপর্যায়ে নিজেকে অনেকটা যন্ত্রের মতো মনে হতো বলেও জানান তিনি।

তার ভাষ্য, ‘বই পড়ার অধ্যায়টা আমার অনেক আগে শেষ হয়ে গেছে। আমি এত বেশি পড়েছি যে শেষের দিকে আমি যন্ত্রের মতো হয়ে গিয়েছিলাম। আমার ভেতরে কোনো ভাবাবেগ কাজ করত না।’

এরপর নিজের সংগ্রহে থাকা প্রায় ১ হাজার ২০০ বই নীলক্ষেতে বিক্রি করে দেন তিনি। বইগুলো খুব কম দামে বিক্রি করেছিলেন বলেও জানান। এরপর থেকে আর বই পড়েন না এই অভিনেতা।

সেনাবাহিনী থেকে সাংবাদিকতা, এরপর অভিনয়

১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন হাসান মাসুদ। সাত বছর পর, ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন তিনি। এরপর পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন।

সাংবাদিকতায় তার কর্মজীবন শুরু হয় দ্য নিউ নেশনে। পরে ১৯৯৫ সালে দ্য ডেইলি স্টারে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও নিজের শক্ত অবস্থান তৈরি করেন হাসান মাসুদ। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে ২০০৩ সালে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ‘মেড ইন বাংলাদেশ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

টেলিভিশন নাটকেও তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’ ও ‘বাতাসের ঘর’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি।

গানেও ছিল সম্পৃক্ততা

অভিনয়ের পাশাপাশি সংগীতের সঙ্গেও যুক্ত ছিলেন হাসান মাসুদ। ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের ‘আজকে না হয় ভালোবাসো’ গানে কণ্ঠ দেন তিনি। ২০০৬ সালের ভালোবাসা দিবসে প্রকাশিত হয় তার প্রথম গানের অ্যালবাম ‘হৃদয়ঘটিত’।

ক্যারিয়ারের নানা অধ্যায় পেরিয়ে বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন হাসান মাসুদ। জীবনের এই পর্যায়ে ধর্মীয় অনুশীলন, আত্মমনন এবং নিজের মতো করে সময় কাটানোতেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]