চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো. শাহজাহানকে (২০) গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৮ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১, ঢাকার যৌথ অভিযানে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন মনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার মামলা নম্বর-২৫, তারিখ ১২ জুন ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(খ) ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. শাহজাহান জয়দেবপুর এলাকায় অবস্থান করছেন।
এরপর তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল মনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শাহজাহান নোয়াখালীর হাতিয়া থানার ননা মিয়া হাজীর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মো. আবু তাহের সেলিম।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।