রাজবাড়ীতে টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৫:১৬:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৫:১৬:৫৭ অপরাহ্ন

রাজবাড়ীর গোয়ালন্দে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে শরীফুল ইসলাম হীরা (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কামরুল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার কাজীপাড়া তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম হীরা উপজেলার উজানচর ইউনিয়নের বহাদুরপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত জাবেদ আলীর ছেলে। তিনি গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

পুলিশ, নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শরীফুল ও কামরুল পরস্পরের বন্ধু ছিলেন। কামরুল গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিল।

শনিবার সকালে গোয়ালন্দ বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন শরীফুল। পথে কাজীপাড়া তোরাই মোড় এলাকায় পৌঁছালে কামরুলের সঙ্গে তার কথা কাটাকাটি ও একপর্যায়ে তুমুল ঝগড়া শুরু হয়। একপর্যায়ে কামরুল নিজের কাছে থাকা ছুরি দিয়ে শরীফুলের পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শরীফুলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, সকালে ছুরিকাঘাতে শরীফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে অর্থের লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কামরুলকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]