পেটে ইয়াবা নিয়ে পাচারের প্রস্তুতি, তরুণীর পেট থেকে মিলল ৪১০০ পিস

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৪:৫১:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৪:৫১:৪৮ অপরাহ্ন

 কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কলার মিশ্রণের মাধ্যমে বিশেষ কৌশলে পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে পাচারের প্রস্তুতিকালে শাকিলা খাতুন (২৩) নামে এক তরুণীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে চিকিৎসকদের সহায়তায় তার পেট থেকে ৬২টি প্যাকেট বের করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ হাজার ১০০ পিস ইয়াবা।

শুক্রবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক। এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকে নুর কামালের শেডে অভিযান চালিয়ে শাকিলাকে আটক করা হয়।

আটক শাকিলা খাতুন ঢাকার গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ বাঘিয়া নীলনগর এলাকার সাইদুর ইসলাম ও হাওয়া বেগমের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় ব্লকের মাঝি ও হেড-মাঝিদের উপস্থিতিতে শাকিলাকে আটক করা হয়। তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা জানান, তিনি আরও কয়েকটি ইয়াবার প্যাকেট গিলে ফেলেছেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে আরও প্যাকেট থাকার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা।

পরে চিকিৎসকদের সহায়তায় শাকিলার পেট থেকে ৬২টি প্যাকেট বের করা হয়। আগে উদ্ধার করা ২০টি প্যাকেটসহ মোট ৮২টি পলিথিনের প্যাকেটে ৪ হাজার ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় পানবাজার পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১০/২৬) করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি উখিয়া থানায় পাঠানো হয়েছে।

পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]