কিশোরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২, আহত ২

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৩:৫৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৩:৫৮:২২ অপরাহ্ন

 কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা ও সাইকেলকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (৮ আগস্ট) সকাল ৬টার দিকে পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মো. সেলিম মিয়া (৩৫)। তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতরা হলেন—পৌরসদরের বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া এবং পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস বরাটিয়া চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী সেলিম মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশার চালক, অপর এক যাত্রী ও সাইকেল আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় আরও একজনের মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বায়োজিদ মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। আহত তিনজনের মধ্যে একজনের নাম-পরিচয় জানা যায়নি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনন্যা পরিবহনের চালক সম্ভবত ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]