ওমানের আল ধাহিরাহ শাখার ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন (ওএএ) অনুমোদিত শ্রমিক নিয়োগ কর্মসূচির আওতায় বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু করছে। দেশটির যোগ্য ও নিবন্ধিত কৃষকরা এখন বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
অ্যাসোসিয়েশন জানিয়েছে, ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে নিবন্ধিত কৃষকরা বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য বৈধ ভিসা সংগ্রহের সুযোগ পাবেন।
ওএএ জানায়, আবেদন শুধুমাত্র আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যদের জন্য উন্মুক্ত। আবেদনকারীদের বার্ষিক ২৫ ওমানি রিয়াল সদস্যপদ ফি পরিশোধ করতে হবে। পাশাপাশি কৃষি মালিকানা (হিয়াজা) সনদ, জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ ওয়ার্ক পারমিট এবং ২০২৬–২০২৭ মৌসুমের ফসল ও চাষকৃত এলাকার বিবরণসহ কৃষি চাষাবাদ ফরমের কপি জমা দিতে হবে।
ইব্রির আল মুরতাফা এলাকায় অবস্থিত অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত সরকারি কর্মদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অ্যাসোসিয়েশন সতর্ক করে জানিয়েছে, অসম্পূর্ণ আবেদন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জমা দেওয়া আবেদন বিবেচনা করা হবে না।
এদিকে, একটি সানাদ অফিসের মালিক ওমান অবজারভারকে জানান, বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য নির্ধারিত ৫ হাজার কোটার সুবিধা কেবল ওমানজুড়ে নিবন্ধিত কৃষি সমিতির সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। এই কোটা বিভিন্ন গভর্নরেটে বণ্টন করা হবে এবং মোট ৫ হাজার শ্রমিকের সীমার মধ্যে প্রতিটি গভর্নরট বা কৃষি সমিতি সর্বোচ্চ ৩৩০ জন শ্রমিক নিয়োগের সুযোগ পাবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে ওমানের কৃষকদের মৌসুমী শ্রমিক সংকট মোকাবিলা সহজ হবে। একই সঙ্গে শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশটির শ্রম ও অভিবাসন আইন যথাযথভাবে অনুসরণ করা সম্ভব হবে।