চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার গ্রেপ্তার

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৪:৩২:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৪:৩২:৩৭ অপরাহ্ন

 চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে একটি নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় আব্দুল হালিম মাস্টারের মেয়ের নির্মাণাধীন ছয়তলা ভবনের নিচতলার সিঁড়িকক্ষে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সেলিম মজুমদার (৫৫)। তিনি ওই নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক পরিচয়ের কারণে শিশুটি তাকে ‘দাদা’ বলে সম্বোধন করত। অভিযোগ রয়েছে, অভিযুক্ত পূর্ব থেকেই চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে কাছে টানার চেষ্টা করতেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন দুপুরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। পরে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে শিশুটি কান্নারত অবস্থায় বের হয়ে এসে তার মাকে ঘটনার কথা জানায়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে ভুক্তভোগীর পরিবার হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা রুজু করা হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]