বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের লক্ষ্য করে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয় দিয়ে অর্থ আদায় ও ভিসা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সতর্কতা দেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় ভারতীয় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা নিশ্চিত করার ভুয়া প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।
হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসা-সংক্রান্ত সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হয়।
এ কারণে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একই সঙ্গে অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের তথ্য বা অন্য কোনো আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হন, তাহলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
পাশাপাশি, ভিসাপ্রত্যাশীদের সচেতন থাকার এবং এ ধরনের প্রতারণা সম্পর্কে অন্যদেরও সতর্ক করার আহ্বান জানানো হয়েছে।