রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৭:১৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৭:১৫:০৮ অপরাহ্ন
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম  বজলুর রশীদ, শহীদ সাকিব আনজুমের পিতা মোঃ মাইনুল হকসহ পরিবারের সদস্যবৃন্দ ও জুলাই যোদ্ধাগণ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে। শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। শহীদ পরিবার ও আহতদের সার্বিক কল্যাণে সরকার সবসময় পাশে রয়েছে এবং তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে কাজ করছে। শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা সুখী, সমৃদ্ধি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে শহীদ হয়েছিল, সেই সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। 

সেখানে উপস্থিত জুলাই শহীদ শাকিব আনজুমের বাবা মাইনুল হক বলেন, আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আমার মতো আর কাউকে যেন সন্তান হারাতে না হয়।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে রয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ পরিবার ও আহতদের সব সময় খোঁজখবর নেন ও পাশে আছেন। বিগত ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদেরও খোঁজখবর রেখেছেন প্রধানমন্ত্রী। আমরাও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহীদ পরিবার ও আহতদের পাশে আছি।

এদিকে সকাল থেকেই জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভের সামনে উপস্থিত হন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধায় জুলাই গণঅভ্যুত্থাণে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]