বরযাত্রীবাহী মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনা, আহত ১৩

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৫:৩৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৫:৩৯:৩৮ অপরাহ্ন
দিনাজপুরের সেতাবগঞ্জে বিয়ে অনুষ্ঠান শেষে বরযাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁওয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দিলে অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে রেফার করা হয়েছে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ভেলাপুর ব্রিজে, লক্ষ্মী কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে প্রচণ্ড বেগে আঘাত হানে। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

গুরুতর আহত হয়েছেন মো. আ. করিম (৩০), পিতা— মো. ইউনুস আলী, শাহবাজপুর, বালিয়াডাঙ্গী এবং অনিমেষ রায় (১৬), পিতা— জগন্নাথ রায়, পরদেশীপাড়া, লাহিড়ী, বালিয়াডাঙ্গী। চিকিৎসকদের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ছাড়া আহত সুজন চন্দ্র রায় (২৪), মনোরঞ্জন রায় (২০), বিজয় রায় (৩৫), হৃদয় রায় (৩০), অশেষ চন্দ্র রায় (২১), ক্ষিতেষ চন্দ্র রায় (১৭), ধ্রুব চন্দ্র রায় (১৬), সূর্যকান্ত রায় (১৫), মো. মোক্তারুল ইসলাম (৩২), নারায়ণ চন্দ্র রায় (১৮) এবং মো. সারোয়ার আলম (২৯) ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্বজনরা হাসপাতালে ছুটে এসে আহতদের খোঁজখবর নিচ্ছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং পলাতক চালককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]