মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী একটি শ্যালো ইঞ্জিনচালিত লেগুনা গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমির হামজা (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল পৌনে ১২টার দিকে উপজেলার রামনগর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হামজা রামনগর গ্রামের বাজারপাড়ার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বিতরণের জন্য একটি লেগুনা গাড়ি বিদ্যালয়ে প্রবেশ করছিল। এ সময় অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে আমির হামজাও গাড়ির দিকে দৌড়ে যায়। গাড়িটি চলতে শুরু করলে সে নিয়ন্ত্রণ হারিয়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ জানান, শিক্ষার্থীদের সব সময় সতর্ক থাকতে বলা হলেও স্কুল ফিডিংয়ের গাড়ি এলে তারা আনন্দে গাড়ির দিকে ছুটে যায়। রোববারও খাদ্যবাহী গাড়িটি বিদ্যালয়ের গেট দিয়ে পেছন দিক থেকে প্রবেশ করার সময় কয়েকজন শিক্ষার্থী দৌড়ে গেটের কাছে যায়। এ সময় আমির হামজা গেটের গ্রিলের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ির চাকার নিচে পড়ে যায়।
ঘটনার পর স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (পিডি) আবুল আমিন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও), গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।