ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত ২০

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৭:৩৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৭:৩৬:৩৯ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে উল্টে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী দশমিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাবলাতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়কের পাশের খাদের পানিতে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের অনেক যাত্রী পানিতে পড়ে আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাসের যাত্রী ফিরোজ জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদের পানিতে উল্টে পড়ে। পরে স্থানীয়রা জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। বাসের ভেতরে আর কোনো যাত্রী আটকা নেই নিশ্চিত হওয়ার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]