টেকনাফে চলন্ত বাস থামিয়ে বিকাশ কর্মীদের কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট, আহত ২

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৭:৩২:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৭:৩২:২৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের দুই কর্মীর কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই কর্মী আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফ স্থলবন্দরের পাশে ১৪ নম্বর ব্রিজ এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মো. আরমান রয়েছেন। তিনি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং হ্নীলা ও লেদা এলাকার বিকাশের এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাসে করে বিকাশের দুই কর্মী নগদ অর্থ নিয়ে যাচ্ছিলেন। পথে ১৪ নম্বর ব্রিজ এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত সড়কে ব্যারিকেড দিয়ে বাসটির গতিরোধ করে। পরে তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বিকাশ কর্মীদের ওপর হামলা চালায়।

এ সময় দুর্বৃত্তরা একজন কর্মীকে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা নগদ প্রায় ৫৭ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত বিকাশ কর্মী মো. আরমান অভিযোগ করেন, ডাকাত দলের সঙ্গে বাসচালক বা সংশ্লিষ্ট কারও যোগসাজশ ছিল কি না, তা তদন্ত করে দেখা উচিত। তার ভাষ্য, তারা নগদ অর্থ বহন করছেন—এ তথ্য দুর্বৃত্তরা কীভাবে জানল, সেটি প্রশ্নের বিষয়। এছাড়া হামলাকারীরা গুলি ছোড়ার পরও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ না করে কেন থেমে ছিল, সেটিও তদন্তের দাবি রাখে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কক্সবাজারগামী একটি বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা চালিয়ে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং লুট হওয়া অর্থ উদ্ধারে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]