পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: এমপি মিলন

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৬:১৬:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৬:১৬:৪৯ অপরাহ্ন
রাজশাহী পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন জানিয়েছেন, জনগণের সকল সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে সবার সহযোগিতা নিশ্চিত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের কর্মসূচি এবং 'রাষ্ট্র মেরামতের ৩১ দফা' প্রস্তাবনার আলোকেই দেশ ও নিজ নির্বাচনী এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন করা হবে।

রবিবার (২ আগষ্ট) দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ পুরাতন হলরুম চত্বরে অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে জীবিকা উন্নয়নের নিমিত্তে অটো রিক্সা, ট্রাই সাইকেল এবং মিলিং মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি।

এমপি তার নির্বাচনী এলাকার জনগণ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে স্বীকার করেন যে বহু মানুষের নানা ধরনের সমস্যা রয়েছে এবং রাতারাতি সবাইকে সহযোগিতা করা সম্ভব নয়। তবে তিনি প্রতিশ্রুতি দেন যে, সবার ঐকান্তিক প্রচেষ্টায় এবং বর্তমান সরকারের কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে একেকজনকে একেকভাবে সহযোগিতা করা হবে।

নির্বাচনের আগে দেওয়া 'রাষ্ট্র মেরামতের ৩১ দফা' প্রস্তাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে এমপি মিলন বলেন, একটি অকেজো ও বিনষ্ট রাষ্ট্রকে মেরামত করার জন্যই এই প্রস্তাবনা দেওয়া হয়েছিল। এই ৩১ দফার প্রতি আস্থা রেখেই দেশের মানুষ তাঁদের সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছেন। বর্তমানে সেই আলোকেই সরকার কাজ করে যাচ্ছে।

পবা-মোহনপুরের ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকার সকল ধরনের উন্নয়ন, বিশেষ করে আর্থ-সামাজিক উন্নয়নের রূপরেখা কীভাবে গড়ে উঠবে, তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের হাতে রয়েছে। আগামী দিনে এসব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। জনগণের প্রতি আস্থা রেখে একটি পরিকল্পিত ও উন্নত পবা-মোহনপুর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের পর অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে জীবিকা উন্নয়নে অটো রিক্সা, ট্রাই সাইকেল এবং মিলিং মেশিন বিতরণ করেন এমপি।

অটো রিক্সা উপহার পেয়ে দরিদ্র সারোয়ার জামান হাতেম বলেন, এই মূল্যবান উপহারটি তার ও তার পরিবারের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে। এর মাধ্যমে তিনি পরিবারের ভরণপোষণ থেকে শুরু করে সন্তানদের লেখাপড়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো নিশ্চিন্তে পালন করতে পারবো।

এছাড়াও তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "গাড়িটা পেয়ে আমার অনেক উপকার হলো। কারণ, এই গাড়িটা দিয়ে আমার পরিবার চালানো, বাচ্চাদের মানুষ করা, তাদের লেখাপড়ার খরচ জোগানোসহ নিজের এবং অন্যান্য সব প্রয়োজন মেটানো সম্ভব হবে।"

এমন একটি জীবনমান উন্নয়নকারী উদ্যোগের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আজীবন ঋণী থাকবেন বলে জানান।

মোহনপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নিবার্হী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, বর্তমান সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও আব্দুল কাদের সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন প্রান্তিক বা সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এই উপহার কেবল একটি বাহন নয়, বরং একটি পরিবারের ঘুরে দাঁড়ানোর বড় অবলম্বন হয়ে উঠবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]