টেকনাফে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৭:০৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৭:০৫:০৫ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় সাগরে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের মরদেহ এটি হতে পারে।

শনিবার (১ আগস্ট) বিকেলে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার হাজীপাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয়দের দেওয়া খবরে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়দের ভাষ্য, বেড়িবাঁধের ব্লকের মধ্যে কাপড়বিহীন অবস্থায় এক ব্যক্তির মরদেহ আটকে থাকতে দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর। তার মুখে দাড়ি রয়েছে এবং প্রাথমিকভাবে মরদেহে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার (৩১ জুলাই) ভোরে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে একজনের মরদেহ এটি হতে পারে। তবে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]