সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি

আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৭:৩২:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৭:৩২:৪১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে স্থল ও জলপথে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক বাণিজ্যপথ লোহিত সাগর এবং বাব এল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে রিয়াদ এই পদক্ষেপ নিচ্ছে বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হুথিদের নিয়ন্ত্রণ থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্তকারী কৌশলগত বাব এল-মান্দেব প্রণালি মুক্ত করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য। অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব ইতিমধ্যেই ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে নিজেদের সেনা প্রত্যাহার শুরু করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের অবাদ চলাচল নিশ্চিত করতে ‘লোহিত সাগর প্রতিরক্ষা জোট’ নামে একটি সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে রিয়াদ। এ বিষয়ে বিশ্বের প্রায় ৫০টি দেশের সঙ্গে যোগাযোগ করা হলে তুরস্ক, মিসর, পাকিস্তান ও নাইজেরিয়াসহ ১৪টি দেশ এই জোটে যোগ দিতে সম্মত হয়েছে।

উল্লেখ্য, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে পড়ায় বিকল্প পথ হিসেবে লোহিত সাগরের বাণিজ্যপথ ব্যবহার করছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো। তবে সম্প্রতি সৌদি আরবের ইয়ানাবু সমুদ্রবন্দরে হুথিরা ড্রোন হামলা চালানোর পর লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে। এই পরিস্থিতিতে সৌদি আরব তাদের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা রক্ষায় নতুন করে সামরিক তৎপরতা শুরু করল।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]