রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৫ হাজার চারা রোপণের পরিকল্পনা

আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৬:৩১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৬:৩১:৫১ অপরাহ্ন
 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে।

শুক্রবার সকাল ১০টায় নগরীর আরডিএ পার্কে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আরডিএ চেয়ারম্যান বলেন, দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় প্রতিবছর পাঁচ হাজার করে আগামী পাঁচ বছরে মোট ২৫ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। নগরীর বিভিন্ন সড়ক, পার্ক, উন্মুক্ত স্থান এবং আরডিএর বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে এসব চারা রোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচির ধারাবাহিকতায় আরডিএ পার্কে এই কার্যক্রম শুরু হয়েছে। শুধু গাছ লাগানোই নয়, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এসব গাছের ফল, ফুল ও ছায়া থেকে নগরবাসী উপকৃত হতে পারেন।

চেয়ারম্যান আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই নগর উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও আরডিএ সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহীকে পরিকল্পিত ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তুলতে যা প্রয়োজন, তা করা হবে। কোনোভাবেই অপরিকল্পিত নগরায়ন হতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মাদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরক, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এনামুল হক এম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মারুফ হোসেন জীবন, শফিকুল ইসলাম শ্যামল, মোহাম্মদ জয়নাল আবেদীন, নাইম ইসলাম, মোহাম্মদ তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, মোহাম্মদ আজিম উদ্দিন সোহাগ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিরা আরডিএ পার্কে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]