পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১১:২৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১১:২৬:৩৩ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়া উপজেলায় গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থা উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে ১২টি উন্নয়নকাজের উদ্বোধন করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

আজ বুধবার (২৯ জুলাই) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আলাল, পৌর যুবদলের আহ্বায়ক নেফাউর রহমান সুমন, জিউপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদল নেতা রোকনুজ্জামান রিকো মন্ডলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, একটি এলাকার আর্থসামাজিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগব্যবস্থা। দীর্ঘদিন ধরে মানুষের যাতায়াতে যে দুর্ভোগ ছিল, তা লাঘব এবং নিরাপদ ও সহজ যোগাযোগ নিশ্চিত করতেই এসব সড়ক সংস্কার ও উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের অংশ হিসেবেই এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, পুঠিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে চাহিদাভিত্তিক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। কোনো এলাকার মানুষ যেন কাঁচা রাস্তা, জলাবদ্ধতা কিংবা দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে পিছিয়ে না থাকে, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংসদ সদস্য বলেন, উন্নয়ন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের জন্য নয়; এটি এলাকার প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার। তাই সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও বাসযোগ্য পুঠিয়া গড়ে তোলার প্রত্যয়ে কাজ চলছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর কর্মসূচির প্রথম পর্যায়ের বরাদ্দ থেকে পুঠিয়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে সড়ক সংস্কার, হেরিংবোন বন্ড (এইচবিবি) নির্মাণ, আংশিক সিসি ঢালাই এবং কবরস্থানের প্রাচীর নির্মাণসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পীরগাছা, কৃষ্ণপুর, বারইপাড়া, তারাপুর, জিউপাড়া, সরিষাবাড়ি, হাড়োখালি ও সৈয়দপুর এলাকার বিভিন্ন গ্রামীণ সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ। এছাড়া সৈয়দপুর বাজার কেন্দ্রীয় গোরস্থানের প্রাচীর নির্মাণকাজও এ কর্মসূচির অন্তর্ভুক্ত৷ 

স্থানীয়রা আশা করছেন, এসব উন্নয়নকাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]