মানসিক ভারসাম্যহীন কৃষকের পাশে মানবতার হাত: স্বেচ্ছাশ্রমে পাট কেটে, ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৬:১০:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৬:১০:২৪ অপরাহ্ন
মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। সেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের এক অসহায় কৃষক পরিবারের দুর্দিনে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাঠে নেমে পাট কেটে ঘরে তুলে দেওয়া এবং ধানের চারা রোপণ করে নতুন আশার আলো জ্বালিয়েছেন আনসার ও ভিডিপি সদস্যরা। বুধবার ২৯ জুলাই সরেজমিনে গিয়ে এমন তথ্য চিত্র পাওয়া গেছে।

জানা যায়, হরিহরপুর গ্রামের কৃষক মো. শহিদুল ইসলাম হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে কর্মক্ষমতা হারান। ফলে জমিতে থাকা পরিপক্ব পাট ও অন্যান্য ফসল সময়মতো সংগ্রহ ও পরিচর্যার অভাবে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এতে পরিবারটি চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তার মুখে পড়ে।

এমন পরিস্থিতির খবর পেয়ে রহিমানপুর ইউনিয়নের ভাতাভুক্ত আনসার ও ভিডিপি সদস্যরা বিষয়টি দ্রুত জেলা কমান্ড্যান্টকে অবহিত করেন। তাঁর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ভিডিপি দলনেত্রী মোছা. দিলরুবার নেতৃত্বে আনসার ও ভিডিপির একদল সদস্য সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে কৃষকের জমির পাকা পাট কেটে নিরাপদে ঘরে তুলে দেন। একই সঙ্গে কয়েকটি জমিতে নতুন ধানের চারা রোপণ করে কৃষি কার্যক্রম পুনরায় সচল করতে সহায়তা করেন।

আনসার-ভিডিপির এই মানবিক উদ্যোগে অসহায় পরিবারটির মুখে ফিরে এসেছে স্বস্তির হাসি। পরিবারের সদস্যরা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারাও এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি দায়িত্বশীল, জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাঠপর্যায়ের সদস্যরা নিয়মিত সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। সেই ধারাবাহিকতায় অসহায় কৃষক পরিবারের পাশে দাঁড়িয়ে তারা আবারও প্রমাণ করলেন—আনসার ও ভিডিপি কেবল জননিরাপত্তার বাহিনী নয়, মানবতার সেবায়ও একটি নির্ভরযোগ্য নাম।মানবিক সেবায় নিবেদিত এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকের মতে, এমন কর্মকাণ্ড সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে এবং মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]