২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৮:২০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৮:২০:৪৪ অপরাহ্ন
দক্ষিণী তারকা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় তলপতির ছেলে জেসন সঞ্জয় আপাতত পরিচালনাতেই মন দিয়েছেন। তবে অভিনয়ের জগতে তাঁর প্রবেশ নিয়ে জল্পনা বহু দিনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জল্পনাতেই নতুন মাত্রা যোগ করলেন তিনি।

এক সাক্ষাৎকারে জেসন জানান, মাত্র ২০ বছর বয়সে ‘প্রেমম’-খ্যাত পরিচালক অল্ফোন্স পুথরেন তাঁকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সে সময়ে ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেই নিজের ভবিষ্যৎ দেখতে চেয়েছিলেন জেসন। তাই সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

সম্প্রতি জেসনকে দেখা গিয়েছে তাঁর প্রথম পরিচালিত ছবি ‘সিগমা’র প্রচারমূলক গান ‘সিগমা স্টাইল’-এ। সেই উপস্থিতি ঘিরে অনেকেই মনে করেছিলেন, বুঝি অভিনয়ে পা রাখতে চলেছেন তিনি। তবে সেই জল্পনায় জল ঢেলে জেসনের স্পষ্ট বক্তব্য, অভিনেতা হওয়ার উদ্দেশ্যে তিনি ওই গানে যোগ দেননি। ছবির প্রচারের অংশ হিসাবেই মজা করে নাচ করেছেন।

তবে ভবিষ্যতে অভিনয়ের সম্ভাবনা পুরোপুরি উড়িয়েও দেননি বিজয়-পুত্র। তাঁর কথায়, একজন পরিচালক যখন সেটে অভিনেতাদের কোনও দৃশ্য বুঝিয়ে দেন, তখন তাঁর মধ্যেও অভিনেতাসত্তা কাজ করে। তবে এখন তাঁর একমাত্র লক্ষ্য ‘সিগমা’-র মুক্তি এবং বক্সঅফিসে ছবিটিকে সফল করা। ছবিমুক্তির পরেই তিনি সিদ্ধান্ত নেবেন, অভিনয়ের পথে হাঁটবেন, না কি পরিচালনাতেই নিজের ভবিষ্যৎ গড়বেন।

‘সিগমা’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সন্দীপ কিশন ও ফারিয়া আবদুল্লাহ। আপাতত ৩১ জুলাই ছবিটির মুক্তির দিন ধার্য করা হলেও, তার আগেই তলপতির বহু প্রতীক্ষিত ‘জন নায়কন’ মুক্তি পাওয়ায় ‘সিগমা’-র মুক্তির দিন পিছিয়ে যাওয়ার জল্পনা শুরু হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]