রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১১:৪৭:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১১:৪৭:২৫ অপরাহ্ন
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে রাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৃথক দুইটি রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রথযাত্রা উপলক্ষে নগরীতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রাজশাহীর উদ্যোগে রেশমপট্টি শ্রী শ্রী দিগম্বর জৈন ঠাকুর মন্দির বাড়ির সামনে থেকে বের করা হয় রথযাত্রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনকালে তিনি রথযাত্রা উপলক্ষে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছ জানান।

এ সময় ইস্কন রাজশাহীর অধ্যক্ষ রামেশ্বর গৌর দাস ব্রহ্মচারী সহ ইসকনের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সাহেব বাজার জিরোপয়েন্টে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট  রাজশাহী মহানগর আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধনকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আমরা বিশ্বাস করি, যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করবে, আর সবাই পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থেকে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলবে।

তিনি আরো বলেন, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে রাজশাহী মহানগরীর প্রতিটি নাগরিকের কল্যাণ ও উন্নয়নে কাজ করাই আমাদের অঙ্গীকার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য রাজশাহী গড়ে তুলতে চাই।

এ সময় রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মিল্টু কুমার সরকার, কোষাধ্যক্ষ অশোক কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর ও থানা বিএনপির নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন
 
উল্লেখ্য, প্রতিবছর চান্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]