বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৮:৩৩:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৮:৩৩:৩৯ অপরাহ্ন
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী প্রতিবেশী দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৩ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই শিশু অভিযুক্ত ব্যক্তিকে ‘দাদু’ বলে ডাকত। এই সুবাদে তারা মাঝেমধ্যে ওই ব্যক্তির বাড়িতে খেলতে যেত। বাড়িতে পরিবারের সদস্যরা কেউ না থাকার সুযোগে শুক্রবার (১০ জুলাই) ৫ বছরের শিশু এবং শনিবার (১১ জুলাই) ও রোববার (১২ জুলাই) ৬ বছর বয়সী এক শিশুকে অভিযুক্ত ব্যক্তি কৌশলে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের বসতবাড়ির শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুদের কান্না না করতে এবং পরিবারদের সদস্যদের না জানাতে বলা হয়। যদি জানানো হয় তাহলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী এক শিশুর চাচি ঘটনার বর্ণনা দিয়ে জানান, শিশু দুটিকে অস্বাভাবিক কান্নাকাটি করতে দেখে তিনি জিজ্ঞাসা করেন। তখন ৬ বছর বয়সী শিশুটি ভয়ে কিছুই বলতে না পেরে শুধু কাঁদছিল। এরপর পাঁচ বছর বয়সী শিশুটি প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনাটি খুলে বলে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয় এবং পরে তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাছুদ হাসান বলেন, গত রাতে দুই শিশুকে তাদের পরিবার ধর্ষণের অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের দাগ পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। শিশুদুটি বর্তমানে চিকিৎসাধীন আছে এবং শারীরিকভাবে সুস্থ আছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে আটক করেছি। এ ঘটনায় থানায় দুইটি পৃথক মামলার এজহার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]