ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৮:২৬:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৮:২৬:০৫ অপরাহ্ন
ঝিনাইদহে মাদক সেবনের সময় বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

সোমবার (১৩ জুলাই) মধ্যরাতে শহরের একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। পরে মাদক সেবন ও বিক্রির দায়ে আটকদের তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঝিনাইদহ সদর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার) আমলি আদালত এ দণ্ড দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর শহরের কাঞ্চননগর উত্তরপাড়ার সাজ্জাদুর রহমানের ছেলে আল আমিন ইসলাম (২৩), কাঞ্চননগর কলাবাগান পাড়ার মৃত ওলিয়ার রহমানের ছেলে রাকিবুল ইসলাম রকি (৩৮) ও রকির ছেলে অন্তু ইসলাম (২২)।

পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১১টার দিকে শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় ডিবি। এসময় শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনকালে হাতেনাতে আল আমিন, রাকিবুল ইসলাম রকি ও তার ছেলে অন্তু ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে পুলিশ ২৭ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

আটকদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আমলি আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ডিবি পুলিশ।

মামলার বাদি ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. মুরাদুজ্জামান বলেন, আদালত আসামিদের তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]