রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৭:৩৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৭:৩৬:৪৮ অপরাহ্ন
মাদক, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, সীমান্তে চোরাচালান ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে র‌্যাব-৫, রাজশাহী। 

এ লক্ষ্যে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন র‌্যাব-৫-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ ইব্রাহিম আলী, র‌্যাব-৫-এর মেজর মনজুরুল কবির পিয়ালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় র‌্যাব-৫-এর পক্ষ থেকে মাদকের অপব্যবহার, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, সীমান্তে চোরাচালান, যুবসমাজের অপরাধে জড়িয়ে পড়ার কারণ ও প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অপরাধ এবং ট্রাফিক ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক উপস্থাপনা করা হয়। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে র‌্যাব-৫ পরিচালিত মাদকবিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধ দমনে অর্জিত সাফল্যের চিত্রও তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ বলেন, র‌্যাব দেশের অন্যতম দক্ষ ও আস্থাভাজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে বাহিনীটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, র‌্যাব যে দায়িত্ব গ্রহণ করে, তা সফলভাবে বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা দেখায়। ফলে সাধারণ মানুষের মধ্যে বাহিনীটির প্রতি আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে র‌্যাবের চলমান অভিযান আরও জোরদার করতে হবে। এ কাজে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সভায় বক্তারা বলেন, অপরাধ দমনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই র‌্যাব-৫ নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা র‌্যাব-৫-এর এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তারা সমাজে অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে এ ধরনের টাউন হল সভা ও সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]