রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে অংশীজনের মতবিনিময় সভা

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৪:৫৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৪:৫৭:৫৯ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে আধুনিক কসাইখানা (মিট প্রসেসিং সেন্টার) নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনের সিটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভার শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে রাজশাহী সিটি কর্পোরেশনের ছয়টি বিভাগের পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণ এবং কেন্দ্রীয় চিড়িয়াখানার আধুনিকায়নে রাসিক প্রশাসকের উদ্যোগকে তিনি স্বাগত জানান। এ দুটি প্রকল্প বাস্তবায়নসহ রাজশাহীর সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে আধুনিক মিট প্রসেসিং সেন্টারে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক পরীক্ষাগারের মাধ্যমে মান নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে। পাশাপাশি পশুর কোনো অংশ অপচয় না করে গবেষণার মাধ্যমে রপ্তানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার করা হবে। এতে যেমন জনস্বাস্থ্য সুরক্ষিত হবে, তেমনি কসাই ও মাংস ব্যবসায়ীরাও উপকৃত হবেন।

চিড়িয়াখানার আধুনিকায়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে উত্থাপন করা হয়েছে এবং এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আম, রেশম, কৃষি, মৎস্য উৎপাদন, পরিচ্ছন্নতা ও পর্যটনের সম্ভাবনার কারণে রাজশাহী দেশের অন্যতম সম্ভাবনাময় জেলা। আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রাজশাহীর আম রপ্তানি বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। রাজশাহীর উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন এবং নতুন পশুপাখি সংযোজনের উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নগরবাসীর সহযোগিতায় রাজশাহীকে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য বলে তিনি জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এছাড়া বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আহমেদ এবং রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান।

রাসিকের সচিব মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাংস ব্যবসায়ী সমিতির সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে প্রতিমন্ত্রী রাজশাহী মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের তালাইমারি এলাকায় আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এ সময় রাসিক প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]