বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৯:০৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৯:০৫:৪৯ অপরাহ্ন
বাবার শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেননি। প্রাণের ঝুঁকি থাকায় তাঁকে গোপন আস্তানায় থাকতে হয়েছে। সেই আস্তানা থেকে এ বার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয়নেতা মোজতবা আলি খামেনেই। শুধু বাবার খুনের ‘বদলা’ নয়, যুদ্ধে নিহত ‘শহিদদের রক্তের প্রতিশোধ’ নেওয়ার কথা জানালেন তিনি।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আমেরিকা। সঙ্গে ছিল ইজ়রায়েলও। যৌথ হামলায় সেই দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। প্রথমে ইরানের তরফে তাঁর মৃত্যুর কথা স্বীকার না-করলেও কয়েক দিন পর সরকারি ভাবে জানানো হয়। শুধু আলি খামেনেই নন, তাঁর পরিবারের আরও কয়েক জন সদস্যেরও মৃত্যু হয় ওই হামলায়।

যুদ্ধ পরিস্থিতির জন্য আলি খামেনেই এবং তাঁর নিহত পরিজনদের দেহ সৎকার করা হয়নি। সম্প্রতি সে দেশে তাঁর শেষকৃত্যের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই শেষকৃত্য উপলক্ষে তেহরান-সহ দেশের নানা শহরে শয়ে শয়ে মানুষ জড়ো হয়েছিলেন। অধিকাংশ জমায়েতেই ডোনাল্ড ট্রাম্প বিরোধী পোস্টার দেখা গিয়েছে। প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুনের হুমকি দেওয়া হয়েছে। তার মধ্যেই মোজতবার বার্তা প্রকাশ্যে এল।

সমাজমাধ্যমে এক পোস্টে মোজতবার বার্তা, ‘‘আমরা শহিদদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি।’’ পোস্টে আলাদা করে কারও নাম উল্লেখ করেননি মোজতবা। তবে অনেকের মতে, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছিল, তা হয়েছিল ট্রাম্পের অঙ্গুলি হেলনেই। তাই ইরানের নিশানায় ট্রাম্প বা মার্কিন সেনা। আবার এই সংঘর্ষে ইজ়রায়েলের ভূমিকাও রয়েছে। ফলে ইজ়রায়েলেও বড়সড় হামলার পরিকল্পনা করে থাকতে পারে ইরান। তবে ভবিষ্যতে তেহরান কী ভাবছে, তা এখনও স্পষ্ট নয়। মোজতবার হুঁশিয়ারির পর পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন অনেকে।

তার পরেই তাঁর বাবা এবং অন্যদের শেষকৃত্যে ইরান-ইরাক জুড়ে যে জমায়েত হয়েছে, তার জন্য সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন মোজতবা।

তিন সপ্তাহ আগে আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতার একটি মউ স্বাক্ষরিত হয়েছিল। সেখানে ৬০ দিনের সংঘর্ষবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু অভিযোগ, মউ-এর শর্ত লঙ্ঘন করে হরমুজ় প্রণালীতে পণ্যবাহী জাহাজ আক্রমণ করেছে তেহরান। তার পাল্টা হিসাবে আমেরিকাও গোলাবর্ষণ করে ইরানের দক্ষিণ প্রান্তে। ইরান অবশ্য শর্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। পাল্টা আমেরিকাকে দুষে তারাও পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে। ফলে গত কয়েক দিনে উত্তেজনা বেড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, মার্কিন প্রেসিডেন্ট বলে দেন, সংঘর্ষবিরতি শেষ!

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]