‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৯:৫৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৯:৫৭:৫০ অপরাহ্ন
বুধবার রাতেই হবে ‘কঠিন আঘাত’। সংঘর্ষবিরতি বাতিল ঘোষণার পরেই ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে হামলার পরেই তিনি জানিয়েছিলেন, তেহরানকে নিয়ে তিনি কতটা অসন্তুষ্ট। তাদের ‘জঞ্জাল’ বলে গালও পাড়েন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের অন্ত্যেষ্টির প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবারই তাঁকে সমাধিস্থ করার কথা। এই আবহে ট্রাম্প বুধবার রাতে আবার হামলার হুঁশিয়ারি দিয়ে রাখলেন।

তুরস্কের আঙ্কারায় নেটোর সম্মেলনের মাঝে ট্রাম্প বুধবার বলেন, ‘‘গত রাতে ওদের কড়া আঘাত করেছি। খুব খুব কঠিন। আজ সম্ভবত আবার ওদের উপরে জোরদার হানা হবে। আমি ওদের ছোট্ট হুঁশিয়ারি দেব, আজ রাতে ওদের কঠিন আঘাত করতে চলেছি।’’ ট্রাম্পের দাবি, হরমুজ় প্রণালীতে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ছুড়ছে ইরান। তাঁর কথায়, ‘‘ওরা খুব খারাপ আচরণ করছে।’’

মঙ্গলবার হরমুজ় প্রণালীতে তিনটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়। তার পরেই আমেরিকা দাবি করে, এই হামলার নেপথ্যে রয়েছে আইআরজিসি। ওই জাহাজগুলির মধ্যে একটি ছিল ভারতমুখী। সেই ঘটনার কয়েক ঘণ্টা পর বুধবার ভোর থেকে (স্থানীয় সময়) ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে। পাল্টা বাহরিন এবং কুয়েতে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানও।

সেই আবহে ট্রাম্প ‘সংঘর্ষবিরতি শেষ’ হয়েছে বলে জানান। পাশাপাশি, ইরানি নেতৃত্বকে ‘জঞ্জাল’, ‘অসুস্থ’ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, ‘‘ওরা হিংস্র। ওদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ওরা তা ব্যবহার করত।’’ আঙ্কারায় নেটো সম্মেলনের ফাঁকে ট্রাম্প জানান, ইরানের পরমাণু প্রকল্প বন্ধ করার জন্যই যুদ্ধ হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, বৈঠকে সেই বিষয়ে দুই দেশের কথা হয়। অন্য পক্ষ তাতে সায়ও দেয়। কিন্তু এত কিছু বলার পরেও ইরান দাবি করছে, পরমাণু প্রকল্পের বিষয়ে কথাই হয়নি। তাঁর কথায়, ‘‘ওঁরা বোকা। ওদের কিছু সমস্যা রয়েছে। গত ৪৭ বছর ধরে ওরা পশ্চিম এশিয়ায় দাপট দেখাচ্ছে। দাপট দেখানোর জায়গায় আর ওরা নেই। ওদের হাতে কিছুতেই পরমাণু অস্ত্র থাকতে পারে না। এটাই আমরা চাই। আর সে জন্যই আমি আছি।’’

মঙ্গলবার থেকে পশ্চিম এশিয়ায় আবার মাথাচাড়া দেয় সংঘাত। হরমুজ়ে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলার পরে ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর মেলে। প্রত্যাঘাত করে তেহরান জানায়, কুয়েতের আল সালেম এবং বাহরিনের সলমন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে। শুধু তা-ই নয়, হামলা প্রতিহত করার চেষ্টা করছিল যে মার্কিন ড্রোন, সেটিকেও গুলি করে নামানো হয়েছে।

সেই আবহে ট্রাম্প ‘সংঘর্ষবিরতি শেষের’ কথা জানান। তাঁর দাবি, ‘‘ওরা হিংস্র। ওদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ওরা তা ব্যবহার করত।’’ তবে কি দ্বিতীয় দফার শান্তি আলোচনার আর কোনও জায়গা নেই? চূড়ান্ত চুক্তি আবার বিশ বাঁও জলে? ট্রাম্প জানান, উভয় পক্ষের আলোচনাকারীরা কথা চালিয়ে যেতে পারেন। কিন্তু এই প্রচেষ্টাকে ‘সময়ের অপচয়’ বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি মনে করেন, ‘বাস্তব জ্ঞানহীন’ লোকদের সঙ্গে আলোচনা করে কোনও লাভ নেই।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]