আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৭:০৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৭:০৩:২৮ অপরাহ্ন
নওগাঁর আত্রাইয়ে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫০৬ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ, সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলার তালিকাভুক্ত কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, উন্নত জাতের লেবুর চারা, গ্রীষ্মকালীন পেঁয়াজ (এন-৫৩ জাত) বীজ, ডিএপি ও এমওপি সার, জৈব সার (গোবর সার) এবং বালাইনাশক বিতরণ করা হয়। এছাড়া পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা, বাঁশের খুঁটি, জৈব সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক ‘এয়ার ফ্লো মেশিন’ বিতরণ করা হবে।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। চলতি অর্থবছরে উফশী রোপা আমনের জন্য ১ হাজার ৮০০ জন, গ্রীষ্মকালীন পেঁয়াজের জন্য ২৩০ জন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে ৪০০ জনসহ মোট ২ হাজার ৫০৬ জন কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে। বিশেষ করে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক ‘এয়ার ফ্লো মেশিন’ মাঠ পর্যায়ে কৃষকদের উৎপাদিত পেঁয়াজ দীর্ঘদিন ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষি সমৃদ্ধ হলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার কৃষকদের হাতে সময়মতো উন্নতমানের বীজ, সার ও আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দিচ্ছে। কোনো জমি যেন অনাবাদী না থাকে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। আমন ধান, মরিচ, পেঁয়াজ, শাকসবজি ও ফলের উৎপাদন বাড়ানোর মাধ্যমে কৃষকদের আয় যেমন বৃদ্ধি পাবে, তেমনি দেশের খাদ্য উৎপাদনও আরও সমৃদ্ধ হবে। প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সরকারের কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। কৃষকদের দেওয়া প্রতিটি উপকরণ যেন যথাযথভাবে ব্যবহার হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করা হবে। আধুনিক কৃষি প্রযুক্তি ও বৈজ্ঞানিক চাষাবাদ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সবসময় পাশে থাকবে।

প্রণোদনার আওতায় উফশী রোপা আমনের জন্য ১ হাজার ৮০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৭৭ কেজি জৈব সার প্রদান করা হয়। হাইব্রিড মরিচের জন্য ২০ জন কৃষককে ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, ৭৭ কেজি জৈব সার ও বালাইনাশক দেওয়া হয়। গ্রীষ্মকালীন শাকসবজির জন্য ৩০ জন কৃষককে ৩০০ গ্রাম বীজ, ১৫ কেজি ডিএপি, ১৫ কেজি এমওপি ও ৭৭ কেজি জৈব সার প্রদান করা হয়। উন্নত জাতের লেবু চাষে ২০ জন কৃষককে ৫টি করে চারা ও ৩০ কেজি জৈব সার দেওয়া হয়। গ্রীষ্মকালীন পেঁয়াজ (এন-৫৩ জাত) চাষে ২৩০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৭৭ কেজি জৈব সার, পলিথিন ও বালাইনাশক বিতরণ করা হয়। এছাড়া ৬ জন কৃষককে পেঁয়াজ সংরক্ষণের জন্য একটি করে আধুনিক ‘এয়ার ফ্লো মেশিন’ এবং ৪০০ জন কৃষককে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৫টি করে চারা, ৩০ কেজি জৈব সার ও বাঁশের খুঁটি প্রদান করা হবে।

উপকরণ বিতরণ শেষে প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন, এবং যেকোনো কৃষি সমস্যায় উপজেলা কৃষি বিভাগের পরামর্শ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মীর, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন এবং যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি। এ সময় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও কৃষক উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]