সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার

আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৭:৫৩:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৭:৫৩:৫০ অপরাহ্ন
গাজীপুর সদর উপজেলায় প্রবাসীর বাড়িতে আশ্রয় নেওয়ার পর দুই সন্তানকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ জুন) রাতে ভুক্তভোগী জয়দেবপুর থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ধলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কাইয়ুম মীর (৪৬) ধলিপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তাকে ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়েছে, তার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকায় তিনি দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছেন। এই সুযোগে অভিযুক্ত কাইয়ুম মীর ছয় থেকে সাত মাস ধরে বিভিন্ন সময় তাকে অশালীন প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি প্রতিবারই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিযুক্ত তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকেন।

ঘটনার দিন রাতে কাইয়ুম মীর ভুক্তভোগীর বাড়িতে গিয়ে জানান, রাজনৈতিক বিভিন্ন মামলার কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে। তাই তিনি এক রাতের জন্য আশ্রয় চান। মানবিক কারণে ভুক্তভোগী তাকে ঘরে থাকতে দেন।

রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আবারও ভুক্তভোগীকে কু-প্রস্তাব দেন। এতে রাজি না হলে ঘরে থাকা একটি ধারালো বঁটি দিয়ে চার মাস বয়সী শিশুপুত্রের গলায় ধরে হত্যার হুমকি দেন। একই সঙ্গে ১৩ বছর বয়সী মেয়েরও ক্ষতি করার ভয় দেখান। সন্তানদের প্রাণনাশের আশঙ্কায় অসহায় হয়ে পড়লে অভিযুক্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়েন। পরে সাহস সঞ্চয় করে তিনি থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং আইনের আশ্রয় নেন। 

এ বিষয়ে কাইয়ুম মীরের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]