​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৫:৫৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৫:৫৬:৪৪ অপরাহ্ন
নাগরিকদের ওপর কোনো নতুন কর আরোপ বা বিদ্যমান কর বৃদ্ধি ছাড়াই রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

আয় ও ব্যয় সমপরিমাণ ধরে মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নগর ভবনের সিটি হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বাজেট ঘোষণায় রাসিক প্রশাসক বলেন, নাগরিকদের স্বস্তি বজায় রেখে উন্নয়ন কার্যক্রম ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাস্তবতার নিরিখে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে নাগরিক সুযোগ-সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সা।

সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নগরবাসীর প্রত্যাশা পূরণ, জনদুর্ভোগ কমানো, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং নাগরিক সেবা সহজ ও গতিশীল করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। রাজশাহীকে পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাজেটে স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে মাহফুজুর রহমান রিটন বলেন, রাসিক পরিচালিত সিটি হাসপাতালের আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের জন্য চারটি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে। পাশাপাশি মরদেহ পরিবহনের জন্য দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স কেনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া বাস টার্মিনাল, রেলস্টেশনসহ জনবহুল এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা, আধুনিক শৌচাগার ও নামাজের স্থান তৈরির উদ্যোগ নেওয়া হবে| রাসিক নিয়ন্ত্রিত পার্ক ও বিনোদনকেন্দ্রে সিনিয়র সিটিজেনদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

রাজশাহী বিভাগের কার্যক্রম তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব আয় ও অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কর আদায় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্সে ৯০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

এ ছাড়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, দোকান ভাড়া, অটোরিকশা, চার্জার রিকশা ও চালকদের লাইসেন্স ফির সারচার্জের ওপর ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ছাদবাগান উৎসাহিত করতে ছাদবাগান মালিকদের হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।

রাসিক প্রশাসক জানান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে বর্জ্য থেকে সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করা হচ্ছে। নগরীর অনেক এলাকায় দীর্ঘদিন ড্রেনের কাদা অপসারণ না হওয়ায় জলাবদ্ধতা ও মশার সমস্যা তৈরি হয়েছে। নিয়মিত ড্রেন পরিষ্কার এবং বড় ড্রেনগুলোর কাদা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মশক নিধনে নতুন ফগিং মেশিন কেনা হবে।

বাজেটে নগরীর সড়ক, ড্রেন, আলোকায়ন ও অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। ৩০টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, সৌন্দর্যবর্ধন, নাগরিক তথ্যসেবা কেন্দ্র চালু, পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন পাঁচটি ফ্লাইওভারের মধ্যে হড়গ্রাম, বিলসিমলা ও বন্ধগেট রেলক্রসিংয়ের তিনটি ফ্লাইওভারের কাজ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানানো হয়।

রাজশাহী নগরীর ভবিষ্যৎ উন্নয়নে বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন রাসিক প্রশাসক। এর মধ্যে রয়েছে, পদ্মার চরে পাখির অভয়ারণ্য, রিভার ড্রাইভওয়ে, নতুন শহর গড়ে তোলা, আন্তর্জাতিক মানের হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বায়োডাইভারসিটি পার্ক, আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, আধুনিক পরিবহন ব্যবস্থা ও পর্যটন উন্নয়ন।

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে মিল রেখে আগামী এক বছরে রাজশাহী মহানগরীতে ২ লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রায় ৫৩ হাজার গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

এ ছাড়া রাসিকের কার্যক্রম অটোমেশন, অনলাইন পেমেন্ট ব্যবস্থা, ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার এবং হেল্পলাইন কল সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]