ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৮:৫০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৮:৫০:১০ অপরাহ্ন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে বডি স্প্রের তীব্র ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন— কনা, আনিকা, অন্তরা, ইসরাত, সুমাইয়া, লামিয়া, মারুফ, লিসান, জিসান, মাহিন, তানজু, তানজিলা, শারামনি, সাদিয়া ও বিথী। তাদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। তারা সবাই নবম শ্রেণির শিক্ষার্থী।

হাসপাতাল ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, নবম শ্রেণির ওই ক্লাসটিতে ৫৩ জন শিক্ষার্থী ছিল। দুপুরে এক শিক্ষার্থীর ব্যাগে থাকা ‘ওয়াইল্ড স্টোন’ ব্র্যান্ডের একটি বডি স্প্রে আরও কয়েকজন শিক্ষার্থী ব্যবহার করেন। মুহূর্তের মধ্যেই আশপাশে থাকা আরও কয়েকজন শিক্ষার্থী তীব্র ঘ্রাণে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমিভাব অনুভব করতে শুরু করেন। পরে মোট ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া জানান, ক্লাস চলাকালীন এক শিক্ষার্থী ‌‌‘বডি স্প্রে’ ব্যবহার করলে তীব্র ঘ্রাণে আশপাশের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয় এবং ব্যবহৃত স্প্রের বোতলটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজিত ঢালি বলেন, ১৫ জন শিক্ষার্থীকে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আনা হয়। অধিকাংশকে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, একই বডি স্প্রে ব্যবহারের পর একসঙ্গে এতজন শিক্ষার্থীর অসুস্থ হওয়া স্বাভাবিক নয়। এর পেছনে মানসিক বা সাইকোলজিক্যাল প্রভাব থাকতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঘটনার পর বিদ্যালয় পরিদর্শন করেন বাকেরগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]