মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ

আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৯:৪২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৯:৪২:৫১ অপরাহ্ন
লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিলেও তার রেকর্ড গড়া প্রথম গোল নিয়ে প্রশ্ন তুলেছেন রালফ রাংনিক। অস্ট্রিয়া কোচ মনে করছেন, মাঝমাঠে জাভের স্লাগারকে ফাউল করার ঘটনা পরীক্ষা করা উচিত ছিল রেফারির।

‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে হারে অস্ট্রিয়া। দুটি গোলই করেন মেসি। ম‍্যাচের শুরুতে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ভিএআরের পরামর্শে মনিটরে ফাউলের রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। শট বাইরে মেরে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মেসি।

৩৮তম মিনিটে জাল খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক। আক্রমণের শুরুতে বল দখলের লড়াইয়ে পড়ে যান মিডফিল্ডার স্লাগার। অস্ট্রিয়ানদের ফাউলের দাবিতে সাড়া দেননি রেফারি। ভিএআরও হস্তক্ষেপ করেনি। ম‍্যাচ শেষে সেদিকেই দৃষ্টি আকর্ষণ করলেন রাংনিক।

রাংনিক বলেন, ‘কিন্তু আমার মনে হয়, দ্বিতীয় গোলটিতে আমাদেরও ভূমিকা ছিল, এটা আমাদের নিজেদেরই ভুল। প্রথম গোলটির ক্ষেত্রে, পেনাল্টি কিকের আগে চতুর্থ রেফারি যা করেছিলেন, আমি তাকে সেটাই করতে বলতাম। তার দেখা উচিত ছিল এবং তাহলেই তিনি দেখতে পেতেন, যা সবাই দেখেছিল, (জাভের) স্লাগারকে ফাউল করা হয়েছিল। ব্যাপারটি বিরক্তিকর ছিল। তবে, আমি আমার দলকে নিয়ে সার্বিকভাবে সন্তুষ্ট এবং আজ তারা যেভাবে খেলেছে, তাতে আমি খুশি।’

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অস্ট্রিয়া। সমান পয়েন্ট নিয়ে তিনে আলজেরিয়া।

আগামী রোববার বাংলাদেশ সময় সকাল আটটায় শেষ গ্রুপ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে আলজেরিয়া লড়বে অস্ট্রিয়ার বিপক্ষে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]