বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের

আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১০:০০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১০:০০:২৮ অপরাহ্ন
বোনের বিয়ের আনন্দ-উৎসব, আত্মীয়-স্বজনের কোলাহল আর নতুন জীবনের শুভকামনায় মুখর ছিল পুরো পরিবার। কিন্তু সেই আনন্দঘন আয়োজন মুহূর্তের মধ্যেই রূপ নেয় শোকে। বোনের বিয়ের অনুষ্ঠান শেষে সড়ক পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে মো. সামির (১৩) নামে এক কিশোর।

শুক্রবার (১৯ জুন) বেলা পৌনে ৪টার দিকে চট্টগ্রামের হাটহাজারী-রাউজান সড়কের ‘ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের’ সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে। তিনি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে সামিরের মেঝো বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। সারাদিনের উৎসব-আনন্দ শেষে বিকেলে অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের নিকটাত্মীয় মো. আবদুল বলেন, বিয়ের অনুষ্ঠান ঘিরে পুরো পরিবার আনন্দে মেতে ছিল। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনা সব আনন্দ কেড়ে নিয়েছে। আহত অবস্থায় সামিরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে আলিফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সামির ছিল সবার ছোট এবং পরিবারের একমাত্র ছেলে।

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, সড়ক পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি হাটহাজারী থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বিয়ের উৎসব শেষে একমাত্র ভাইয়ের এমন করুণ মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের মাতম। যে বাড়িতে কয়েক ঘণ্টা আগেও বেজেছিল বিয়ের সানাই, সেই বাড়িতেই এখন স্বজন হারানোর আহাজারি। আনন্দের রঙ মুছে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে গভীর বিষাদের ছায়া। এলাকাবাসীর মাঝেও এ ঘটনায় শোকের আবহ সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]