নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা

আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১১:৫৪:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১১:৫৪:০৬ অপরাহ্ন
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট তীব্র তাপপ্রবাহ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক নারীদের সুরক্ষায় নোয়াখালীর সুবর্ণচরে অনুষ্ঠিত হয়েছে ‘মর্যাদার সাথে সহনশীলতা’ শীর্ষক দক্ষতা উন্নয়ন কর্মশালা।

রোববার (১৪ জুন) দুপুরে সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা শাখা) মোহাম্মদ আবদুর রহমান।

আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের অন্যান্য এলাকার মতো উপকূলীয় অঞ্চলগুলোতেও দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বাড়ছে। বিশেষ করে তীব্র তাপপ্রবাহের সময় নারীরা তুলনামূলক বেশি ক্ষতির মুখে পড়েন। গৃহস্থালি কাজ ও রান্নাবান্নার কারণে অতিরিক্ত তাপের সংস্পর্শে আসায় তাঁদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পায়। পাশাপাশি সামাজিক ও পারিবারিক নানা কারণে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকিও বাড়তে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়েই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালার শুরুতে অংশগ্রহণকারী নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রাথমিক উপকরণ হিসেবে হাতপাখা, গামছা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া সুবর্ণচরের পল্লী মাতৃকেন্দ্রগুলোকে আরও কার্যকর ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ১০টি কেন্দ্রের সভানেত্রীদের হাতে হোয়াইটবোর্ড, বিছানা, রেজিস্টার খাতাসহ বিভিন্ন প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী তুলে দেওয়া হয়।  এতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্রের (আরএমসি) ১০০ জন নারী সদস্য এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

আয়োজকদের মতে, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক ও সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]