বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৬:০৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৬:০৮:০৫ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর শাহ-মখদুম থানার নওদাপাড়া এলাকার একটি বসতবাড়ি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ মামুন। 

বৃহস্পতিবার নগরীর অক্ট্রয় মোড়ে অবস্থিত রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে মোঃ মামুন বলেন, তিনি ২০২৪ সালের ১৭ মে নওদাপাড়া (জিয়া পার্কের উত্তর ভাড়ালিপাড়া মোড়) এলাকায় বাড়িসহ সাড়ে ৩ কাঠা জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গত ৯ জুন রাত সাড়ে ৮টার দিকে বিএনপির ১৭ নম্বর ওয়ার্ড (পূর্ব) সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ হারানের নেতৃত্বে কয়েকজন তার বাড়ির তালা ভেঙে প্রবেশ করেন বলে তিনি অভিযোগ করেন।

তার দাবি, পরদিন ওই বাড়িতে আবির নামে এক পুলিশ সদস্যকে বসবাসের জন্য উঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ওই পুলিশ সদস্য পরিবারসহ সেখানে বসবাস করছেন। বাড়ির ভেতরে তার আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল থাকলেও তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মামুন আরও বলেন, তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এমএলএসএস পদে কর্মরত। জীবনের সঞ্চয়, ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে বাড়িটি ক্রয় করেন। বর্তমানে বাড়ির দখল হারিয়ে তিনি পরিবারসহ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে আইনি প্রক্রিয়ায় সমাধানের পরামর্শ দেন। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির ১৭ নম্বর ওয়ার্ড (পূর্ব) সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ হারান বলেন, ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে মামুন ওই বাড়িতে ছিলেন না। এলাকাবাসী বাড়িটি দেখভাল করছিল। পরে পুলিশ সদস্য আবির বাড়িটি পরিষ্কার করে সেখানে ওঠেন। আমি মামুনকে ফোন করে ডেকেছিলাম। পরে তিনি ও তার স্ত্রী আমার কাছে এলে আমি তাদের আইনি প্রক্রিয়ায় বাড়ি ফেরত নেওয়ার পরামর্শ দিয়েছি।

একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ জামাল বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। আমি মামুনকে চিনি না।

অভিযোগে নাম থাকা যুবদল নেতা মোঃ লিটন শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সভাপতি মামুন অর-রশিদ বলেন, চাঁদাবাজ, দখলবাজ-সহ আমি সবসময় সকল অন্যায়ের বিপক্ষে। 

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু বলেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো অবৈধ বা অনৈতিক কর্মকা-ের সঙ্গে কেউ জড়িত থাকলে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, শাহ-মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বাড়ি দখলের অভিযোগে মামুনের স্ত্রী রুমা আক্তার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]