নারীর স্তনের ছবিকে ঘিরে কুরুচিকর আচরণ, ক্ষোভে ফুঁসলেন ভূমি

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৮:১০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৮:১০:৩২ অপরাহ্ন
অভিনেত্রী ভূমি পেডনেকর বরাবরই নিজের মতামত স্পষ্ট করে বলতে পছন্দ করেন। শুধু পর্দার চরিত্রে নয়, বাস্তব জীবনেও সমাজের নানা সংবেদনশীল ইস্যুতে তাঁকে সরব হতে দেখা যায় বারবার। এবারও তার ব্যতিক্রম হল না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। আর সেই প্রতিক্রিয়াতেই উঠে এল ভয়, রাগ, হতাশা— সঙ্গে সমাজের বর্তমান মানসিকতা নিয়ে গভীর উদ্বেগ।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি সুইমিং পুলের পাশে আঁকা এক নারীর ওয়াল পেন্টিংকে ঘিরে কয়েকজন যুবক অশালীন অঙ্গভঙ্গি করছে। ভিডিওটি প্রথমে নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই ঘটনাকে শুধু ‘মজা’ বলে উড়িয়ে না দিয়ে সমাজের অসুস্থ মানসিকতার প্রতিফলন বলেই দেখেছেন।

সেই ভিডিওই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন ভূমি। আর তারপরই বিস্ফোরক ভাষায় ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। তাঁর কথায়, “এটাই আমাদের দেশের যুবসমাজের মানসিকতা। এঁরাই আগামী দিনে শিশু ও মহিলাদের যৌন হেনস্থা করবে। আমরা একটা মহামারির মধ্যে দিয়ে যাচ্ছি। শুধু লজ্জা প্রকাশ করে বা দু’টো কথা বলে কিছু হবে না। আরও কঠোর আইন দরকার, আরও কঠোর আইন।”

ভূমির এই মন্তব্য খুব দ্রুতই নেটমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বহু মানুষ তাঁর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন। অনেকে লেখেন, শুধু সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ দেখিয়ে থেমে গেলে হবে না, নারীদের বিরুদ্ধে বাড়তে থাকা অপরাধের বিরুদ্ধে সত্যিই কড়া পদক্ষেপ প্রয়োজন।

এমন সময়েই ভূমির এই প্রতিক্রিয়া সামনে এল, যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক নারী নির্যাতন, পণপ্রথা এবং মানসিক অত্যাচারের অভিযোগ উঠে আসছে। সম্প্রতি ভোপালের টুইশা শর্মা এবং নয়ডার দীপিকা নগরের মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলেছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর পণের দাবিতে দীর্ঘদিন ধরে অত্যাচারের শিকার হতে হয়েছিল তাঁদের। সেই অভিযোগের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু। ঘটনাগুলি আবারও সামনে এনে দিয়েছে বিবাহিত নারীদের নিরাপত্তাহীনতার প্রশ্ন।

বিশেষ করে ভোপালের ৩৩ বছরের এক তরুণীর মৃত্যুর ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই লাগাতার মানসিক নির্যাতনের মধ্যে ছিলেন তিনি। এই সব ঘটনার আবহেই ভাইরাল হওয়া ওই ভিডিও নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ভূমি। অভিনেত্রীর বক্তব্য, সমাজের এই বিকৃত মানসিকতাকে হালকা ভাবে নিলে চলবে না।

তবে এটাই প্রথম নয়। এর আগেও নারী নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন ভূমি পেডনেকর। চলতি বছরের শুরুতেই দিল্লিতে ছয় বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগ ঘিরে ভয়াবহ প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেত্রী। অভিযোগ ছিল, ঘটনায় জড়িত তিন অভিযুক্তের বয়স মাত্র ১০, ১৩ এবং ১৪। সেই ঘটনায় গভীরভাবে নাড়িয়ে গিয়েছিল ভূমিকে।

তখন অভিনেত্রী লিখেছিলেন, “এত কম বয়সি ছেলেরা কীভাবে এত ভয়ংকর অপরাধ করতে পারে, সেটা ভাবলেও আতঙ্ক লাগে। তারা কেমন পরিবেশে বড় হচ্ছে? আমরা এই দেশে নির্বাকদের শাস্তি দিচ্ছি। আর যৌন হিংসাকে এমন জায়গায় নিয়ে গিয়েছি, যেন মানুষ ভাবছে সহজেই পার পেয়ে যাবে।”

গত কয়েকদিনে কঙ্গনা রানাউত এবং ঋদ্ধি ডোগরার মতো অভিনেত্রীরাও মেয়েদের স্বাধীনতা, বিয়ের পর নারীদের অবস্থান এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে সরব হয়েছেন। সেই তালিকাতেই এবার আরও জোরালো ভাবে নাম লিখিয়ে দিলেন ভূমি।

অন্যদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত অভিনেত্রী। ‘দম লাগা কে হাইশা’ ছবির মাধ্যমে আয়ুষ্মান খুরানার বিপরীতে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। এরপর ‘বধাই দো’, ‘ভক্ষক’-এর মতো ছবিতে অভিনয় করে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গেছে প্রাইম ভিডিওর সিরিজ ‘দলদল’-এ। অমৃত রাজ গুপ্ত পরিচালিত এই সিরিজটি বিশ ধামিজার জনপ্রিয় বই ‘ভেন্ডি বাজার’-এর উপর ভিত্তি করে তৈরি। সেখানে ডিসিপি রিটা ফেরেরিয়ার চরিত্রে অভিনয় করেছেন ভূমি, যিনি এক সিরিয়াল কিলারের খোঁজে নামেন— যে নিজের শিকারদের হাতের শিরা কেটে খুন করে।

সামারা তিজোরি, আদিত্য রাওয়াল, গীতা আগরওয়াল, চিন্ময় মাণ্ডলেকর, অনন্ত নারায়ণ মহাদেবন, রাহুল ভাট, সন্দীপ কুলকার্নি, শিবরাজ ওয়ালভেকর, সন্দেশ কুলকার্নি এবং জয়া ভট্টাচার্যের মতো অভিনেতারাও রয়েছেন সিরিজটিতে। চলতি বছরের ৩০ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘দলদল’।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]