রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৫:২৩:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৫:২৩:১২ অপরাহ্ন
রাজধানীর আজিমপুর সরকারি কলোনির একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাহিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাসা রাজধানীর হাজারীবাগ এলাকায়।

জাহিনকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মাহির আহমেদ জানান, দুপুরে হাজারীবাগ থেকে আজিমপুর সরকারি কোয়ার্টারে তার বাসায় বেড়াতে আসে জাহিন। পরে তারা দুজন কোয়ার্টারের ভেতরে ঘোরাঘুরি করতে বের হয়। একপর্যায়ে একটি পুকুর দেখে গোসল করতে চায় জাহিন। তবে সে সাঁতার জানত না বলে মাহির তাকে পানিতে নামতে নিষেধ করে। এরপরও জাহিন পুকুরে নামে এবং কিছুক্ষণ পর পানিতে তলিয়ে যায়।

মাহিরের চিৎকার শুনে কোয়ার্টারের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে পানির নিচ থেকে জাহিনকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মাহির জাহিনের বিস্তারিত ঠিকানা জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে লালবাগ থানাকে অবহিত করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]